প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯, ২০২০ ও ২০২১ সালের স্নাতক (সম্মান) পর্যায়ের এসব মেধাবী শিক্ষার্থী স্থান পেয়েছেন।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মাভাবিপ্রবি থেকে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের সুনতান রাজিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের মো. মমিনুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শারমিন আক্তার।
২০২০ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন রসায়ন বিভাগের মো. রুহুল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সুমাইয়া আক্তার মিতু, অর্থনীতি বিভাগের শাহিনুর আক্তার, বিএমবি বিভাগের মো. মজিবুল্লা এবং হিসাববিজ্ঞান বিভাগের রুনা আক্তার।
অন্যদিকে, ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের নাজিয়া আহসান, সিএসই বিভাগের মো. রেজাউল করিম, অর্থনীতি বিভাগের লুপা আক্তার, ম্যানেজমেন্ট বিভাগের ফাহমিদা আক্তার এবং ফার্মেসি বিভাগের সাফিয়া আফরিন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।
মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থীর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসির উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।
