বৃহস্পতিবার ০৮, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০৮, অক্টোবর ২০২৬ -- : -- --

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রতিষ্ঠিত ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় হাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ও চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।এ সময় উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমগিরসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

হাবে শিক্ষার্থীদের জন্য ১০টি উচ্চ কনফিগারেশনের কম্পিউটার স্থাপন করা হয়েছে। এগুলো গবেষণা, অনলাইন শিক্ষা, সফটওয়্যারভিত্তিক কাজসহ বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রমে ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ও কফির ব্যবস্থা।

এ ছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এসব কার্যক্রমে যোগাযোগ, নেতৃত্ব, প্রেজেন্টেশন ও ক্যারিয়ার প্রস্তুতিসহ বিভিন্ন সফট স্কিল উন্নয়নের সুযোগ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা শাণিত করার সুযোগ পাবে। হাবটি আরও কার্যকর ও টেকসই করতে চাকসুর সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।

চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, যেসব শিক্ষার্থীর নিজস্ব কম্পিউটার নেই, তাদের একাডেমিক ও গবেষণামূলক কাজে হাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রযুক্তি ও সফট স্কিল উন্নয়নে বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, হাবটি নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি উপযুক্ত ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

Link copied!