বুধবার ০৭, অক্টোবর ২০২৬

বুধবার ০৭, অক্টোবর ২০২৬ -- : -- --

ড্যাফোডিলে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই সেমিনার

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

শনিবার (৩ অক্টোবর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে’ ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক এ সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিআইইউর ‘অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের ‘স্কিল জবস’-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। দুই মাসব্যাপী প্রশিক্ষণের প্রথম ব্যাচের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও হাসপাতাল ব্যবস্থাপনা প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন কার্যালয়ের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আবিক আরাফাত খান, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুবুল হক মজুমদার, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ও প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. আলাউদ্দিন চৌধুরী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম এবং ‘স্কিল জবস’-এর বিজনেস হেড ও ডিআইইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ প্রধান মনোয়ারুল ইসলাম রেবেল।

সেমিনারে স্বাস্থ্যসেবা খাতে নৈতিক ও দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এআইভিত্তিক সমাধান ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেশাজীবী ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের একই প্ল্যাটফর্মে এনে এআই ও ব্যক্তিকেন্দ্রিক এজেন্টের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা ও অনুসন্ধানের সুযোগ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের তৈরি সেরা তিনটি এআই এজেন্ট প্রদর্শন করা হয় এবং অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে সফল অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

Link copied!