রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

চুরি-ছিনতাই ও নারী হেনস্থার অভিযোগে চবিতে দুই শিক্ষার্থী আটক

চবি থেকে মোতাহের উদ্দীন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভয়ভীতি দেখানো, চুরি-ছিনতাই, মারধর ও নারী হেনস্থাসহ বিভিন্ন অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে পৃথক ছয়টি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জমা দেওয়া হয়। রাত পৌনে ৯টার দিকে আটক দুই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের ফাহিম আহমেদ অপি।

বিশ্ববিদ্যালয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে ভয়ভীতি দেখানো, ছিনতাই, মারধর, চুরি ও নারী হেনস্থাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো আদালতের রায় হয়েছে কি না, তা জানা যায়নি।

পর্যটকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

শনিবার চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে যান। তার অভিযোগ, সেখানে ‘শিমুল’ নামের এক ব্যক্তি ও তার দুই সহযোগী তাকে ভয়ভীতি দেখান। পরে তার কাছ থেকে জোরপূর্বক নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১ হাজার ২০ টাকা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম (সুজন) বলেন, পর্যটকের অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ছিনতাইয়ের অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চবি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন শিমুল ও ফাহিমের বিরুদ্ধে মারধর ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

তার ভাষ্য, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের পূর্ব পাশের ব্রিজ এলাকায় তাকে ডেকে নিয়ে মারধর করা হয়। এ সময় তার চোখে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে ছবি তুলে ব্ল্যাকমেইলের হুমকি দেওয়া হয় এবং তার পকেট থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া বাগেরহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও শিমুল ফকিরের বিরুদ্ধে নারী হেনস্থা ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ করেছেন বলে জানা গেছে।

নারী হেনস্থার অভিযোগ

চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক রাব্বি তাওহিদ বলেন, অভিযোগগুলোর মধ্যে বহিরাগত দর্শনার্থীদের আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়া, মারধর, মোবাইল ফোন নিয়ে যাওয়া, ফোন চেক করা এবং বিভিন্ন ভিডিও ধারণের অভিযোগ রয়েছে।

তার দাবি, বহিরাগত যুগলদের ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

রাব্বি তাওহিদের ভাষ্য, অভিযোগগুলোর বেশিরভাগই ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগও রয়েছে বলে জানান তিনি।

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ

শিমুল ফকিরের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এ বিষয়ে শিমুল বলেন, বিভিন্ন সময়ে ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে তিনি ফেসবুকে পোস্ট করতেন। এসব পোস্টের কারণে চবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান তিনি।

শিমুলের দাবি, তিনি ভালো লাগা থেকে এসব পোস্ট করেছেন এবং ৫ আগস্টের পর আবরার শাহরিয়ারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়।

এদিকে চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক রাব্বি তাওহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান ও আদনান শরীফ অভিযোগের বিষয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম (সুজন) বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে ভুক্তভোগীরা থানায় মামলা করায় তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Link copied!