রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চতুর্থ ইউআইইউ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট ড্রোন প্রতিযোগিতা স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস ২০২৬ এ চতুর্থ স্থান অর্জন করে নতুন ইতিহাস গড়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই বিশ্বসেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছে দলটি।

গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসার স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চার দিনব্যাপী আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের দলগুলো অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রতিকূল আবহাওয়া, তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে ইউআইইউর দলটি সফলভাবে তাদের মিশন সম্পন্ন করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, চূড়ান্ত পর্বে অংশ নেওয়া অনেক দলই প্রযুক্তিগত ও আবহাওয়াজনিত কারণে সমস্যায় পড়ে। ফ্লাইট পরিচালনাকারী ৫৮টি দলের মধ্যে ২১টি দল ড্রোন দুর্ঘটনার শিকার হয়।

এসব প্রতিকূলতার মধ্যেও ইউআইইউর ইউএআরটি তাৎক্ষণিক প্রযুক্তিগত সমন্বয় ও কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে সফলভাবে প্রতিযোগিতা শেষ করে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করে। এর মাধ্যমে এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল শীর্ষ অবস্থানে জায়গা করে নিল।

২০০৩ সাল থেকে আয়োজিত হয়ে আসা এসইউএএস বিশ্বের অন্যতম সম্মানজনক শিক্ষার্থীভিত্তিক ড্রোন প্রতিযোগিতা। এবারের আসরে প্রাথমিকভাবে ৮১টি দল অংশ নেয়। পরবর্তী ধাপগুলো অতিক্রম করে ৬৭টি দল ফাইনালে এবং ৫৮টি দল চূড়ান্ত ফ্লাইট মিশনে অংশগ্রহণের সুযোগ পায়।

প্রতিযোগিতায় কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ইউআইইউর এই সাফল্য দেশের প্রযুক্তি ও গবেষণা সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এবারের প্রতিযোগিতায় ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র‌্যাপিড রেসপন্স বিভাগে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি, প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে একমাত্র দল হিসেবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোনোমাস) পদ্ধতিতে মিশন সম্পন্ন করার কৃতিত্বও দেখায়।

দলটির তৈরি ড্রোনে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিনের গবেষণা, নকশা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তিগত পরিমার্জনের ফল হিসেবে এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইউআইইউর এই অর্জন দেশের তরুণ গবেষক ও শিক্ষার্থীদের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং উদ্ভাবনভিত্তিক গবেষণায় আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।হাস।

Link copied!