প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু হওয়া এবং উপাচার্য কর্তৃক তা গ্রহণ করার তথ্যটিকে অসত্য ও খণ্ডিত বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘জাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু হয়েছে এবং উপাচার্য তা গ্রহণ করেছেন’ মর্মে ফটো কার্ড ও সংবাদ ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে দেখা যায়, তথ্যগুলো খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
ঘটনার ব্যাখ্যায় প্রশাসন জানায়, জাকসুর সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের সভায় উপাচার্য ও জাকসু সভাপতিকে ওয়েবসাইট তৈরির বিষয়টি জানান জাকসু নেতৃবৃন্দ। সে সময় উপাচার্য স্পষ্ট জানিয়ে দেন যে, এ ধরনের ওয়েবসাইট তৈরি বা চালু করার কোনো এখতিয়ার জাকসুর নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাকসুর এক আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আলোচনার পর শিক্ষক মূল্যায়নের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে। ফলে কমিটির রিপোর্ট চূড়ান্ত হওয়ার আগে জাকসুর প্রস্তুতকৃত এই ওয়েবসাইট গ্রহণ করার কোনো সুযোগ নেই। জনমনে বিভ্রান্তি এড়াতে সবাইকে সঠিক তথ্যের প্রতি নজর রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
