শুক্রবার ২৮, আগস্ট ২০২৬

শুক্রবার ২৮, আগস্ট ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক কেস কম্পিটিশনের টপ ২৪-এ নিটারের নাফিস

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

টিম মেম্বার ও মেন্টর এর সাথে নাফিস ইরাম (ডানে) ।

আন্তর্জাতিক কেস কম্পিটিশনে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থী নাফিস ইরাম। ডেটাডেভেলপ প্রাইজ (ডিডিপি) ২০২৬ বিডি কেস কম্পিটিশন-এর শীর্ষ ২৪ ফাইনালিস্টের তালিকায় স্থান পেয়েছেন তিনি।

নাফিস ইরাম নিটারের ১৩তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বাছাইপর্বে নিজের যোগ্যতা প্রমাণ করে তিনি চূড়ান্ত ২৪ জনের তালিকায় স্থান অর্জন করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় নিটারের প্রতিনিধিত্ব করছেন তিনি।

হংকংভিত্তিক প্রতিষ্ঠান ডেটাডেভেলপ কনসালটিং লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. হেনরি সু। বাংলাদেশ পর্বের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ (গার্মেন্টটেকবিডি)। চলতি বছর প্রতিষ্ঠানটির সঙ্গে নিটারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ হিসেবে পোশাক ও বস্ত্র সরবরাহ শৃঙ্খল খাতের বাস্তব সমস্যাকে নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোকে তথ্য বিশ্লেষণের মাধ্যমে কার্যকর সমাধান তৈরি ও উপস্থাপন করতে হচ্ছে। ফলে প্রতিযোগিতাটি একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগও তৈরি করছে।

শীর্ষ ২৪-এ নির্বাচিত হওয়ার পর ফাইনালিস্টদের নিয়ে ঢাকায় গার্মেন্টটেকবিডির কার্যালয়ে ব্রিফিং ও প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতিযোগিতার পরবর্তী ধাপ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতিটি দলের জন্য মেন্টর নির্ধারণ করা হয়।

এখন অপেক্ষা জাতীয় পর্বের। আগামী ৯ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে বিজয়ী দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে আন্তর্জাতিক ফাইনালে। আগামী ৭ নভেম্বর হংকংয়ে প্রতিযোগিতার আন্তর্জাতিক ফাইনাল অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক কেস কম্পিটিশনের শীর্ষ ২৪-এ নাফিস ইরামের অন্তর্ভুক্তি নিটারের শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে নিটারের শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও এই অর্জনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

Link copied!