রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম
রবিবার ২৩, আগস্ট ২০২৬ -- : -- --
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ‘DIS Award’ গ্রহণ করছেন নাঈম রাজ। ছবি: সংগৃহীত
ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী নাঈম রাজ। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ‘Dean International Students Award’ (DIS Award)।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটার থেকে মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সে সর্বোচ্চ ফলাফল অর্জন করেন নাঈম রাজ। তাঁর এ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করে।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘DIS Awards and International Student Meet’ অনুষ্ঠানে ২২টি দেশের শিক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নাঈম রাজের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সম্মাননার অংশ হিসেবে তাঁকে সনদপত্র, বিশেষ ক্রেস্ট ও অর্থ চেক দেওয়া হয়।
নাঈম রাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করার পর তিনি ভারত সরকারের মর্যাদাপূর্ণ ‘ICCR Scholarship’ লাভ করেন। এ বৃত্তির অধীনেই তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন।
মাস্টার্স প্রোগ্রামে পুরো ফ্যাকাল্টির মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বসম্মতিক্রমে নাঈম রাজকে ‘Dean International Students Award’-এর জন্য মনোনীত করে।
নাঈম রাজের এ অর্জনে আনন্দ প্রকাশ করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক কেওয়াল কৃষ্ণ, পরিচালক, ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস।
অধ্যাপক নমিতা গুপ্তা, পরিচালক, ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার, বলেন, "নাঈম রাজ শুধু বাংলাদেশের সম্পদ নন, তিনি আমাদেরও সম্পদ। তার এই অর্জনের মাধ্যমে ভারত ও বাংলাদেশ—উভয় দেশের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হয়েছে।"
ড. নভদ্বীপ কৌর, চেয়ারপারসন, ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটার, জানান, "নাঈমের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত নয়, পুরো বিভাগের অর্জন। ভবিষ্যতে থিয়েটার চর্চায় তিনি আরও বড় ভূমিকা রাখবেন।"
অধ্যাপক মীনাক্ষী গোয়াল, উপাচার্য, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, তাঁর অর্জন নিয়ে বলেন, "বিভাগের প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীর এ সাফল্য পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি ভবিষ্যৎ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে নাঈম রাজ সাংস্কৃতিক আন্দোলন ও থিয়েটার চর্চায় সক্রিয় ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
থিয়েটারের পাশাপাশি পারফরম্যান্স আর্টেও নাঈম রাজের বিশেষ অবদান রয়েছে। ২০২০ সালে তরুণ শিল্পী হিসেবে পারফরম্যান্স আর্টে বিশেষ ভূমিকার জন্য তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটার থেকে মাস্টার্সে সর্বোচ্চ ফলাফল অর্জন এবং পরবর্তী সময়ে ‘Dean International Students Award’ লাভের মাধ্যমে নাঈম রাজের এ সাফল্য তাঁর একাডেমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক স্বীকৃতি হিসেবে উঠে এসেছে।