নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম
রবিবার ২৩, আগস্ট ২০২৬ -- : -- --
নোবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ
জাঁকজমকপূর্ণভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখার উদ্যোগে দুই অধিবেশনে এই কর্মসূচি আয়োজিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের প্রায় এক হাজার একশো নবাগত শিক্ষার্থী অংশ নেন।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানের ১ম অধিবেশনে প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান এবং জীব বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি নবীনদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর তাগিদ দেন এবং অসচ্ছল ও সমস্যায় পড়া শিক্ষার্থীদের সহায়তায় বিভাগভিত্তিক সহায়তা সেল গঠনের পরামর্শ দেন। ১ম অধিবেশনে প্রধান আলোচক হিসেবে অংশ নেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
পরবর্তীতে বেলা ২টায় আয়োজিত ২য় অধিবেশনে কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, শিক্ষা বিজ্ঞান অনুষদ এবং আইআইএস (IIS) ও আইআইটি (IIT) ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজনে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, এত ত্যাগের পর যে সূর্য উঠেছিল, তা আবার মেঘে ঢাকা পড়েছে। শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু প্রত্যাশিত পরিবর্তনের পূর্ণ বাস্তবায়ন হয়নি। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, “দেশে এত বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করাও সম্ভব।
সভাপতির বক্তব্যে আরিফুর রহমান সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই শিক্ষার্থীদের সাফল্যের শেষ নয়; বরং চার বছর পড়াশোনা শেষে দক্ষতা, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বের হতে পারলেই প্রকৃত সফলতা অর্জিত হবে। বিশ্ববিদ্যালয় জীবনে মত ও রাজনৈতিক পরিচয়ে ভিন্নতা থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের সহিংসতা, অপরাধ ও মাদকের সঙ্গে জড়ানো যাবে না। পাশাপাশি ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নেতৃত্বের দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম, বিএমবি বিভাগের প্রভাষক মোহাম্মদ শরিফুল ইসলাম, নোবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাহফিমুল মারুফ ও মতিউর রহমান এবং নবাগত শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিধিরা। আলোচনা পর্বের পাশাপাশি ফুনুন শিল্পীগোষ্ঠী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল নবীন শিক্ষার্থীর হাতে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, নোটপ্যাড, কলম, চাবির রিং ও উপহার ব্যাগ তুলে দেওয়া হয়। একইসাথে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আপ্যায়ন করা হয়।