শুক্রবার ২১, আগস্ট ২০২৬

শুক্রবার ২১, আগস্ট ২০২৬ -- : -- --

ডুয়েটের সঙ্গে উপায়ের চুক্তি,পরিশোধ করা যাবে বিভিন্ন ফি

রাকিব হাসান,ডুয়েট থেকে

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘উপায়’-এর মধ্যে আর্থিক লেনদেনসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আবেদনকারীদের বিভিন্ন ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ডুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান এবং উপায়ের পক্ষে ডেপুটি ডিরেক্টর জনাব হাসান মোহাম্মদ জাহিদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং লিগ্যাল অ্যান্ড এস্টেট অফিসার জনাব মো. শোয়েব আল মামুন।

উপায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির হেড অব কর্পোরেট সেলস জনাব সাজ্জাদ আলম।

চুক্তির আওতায় মাত্র ০.৯ শতাংশ চার্জে ভ্যাট ও ট্যাক্স ব্যতীত বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি, ভর্তি ফি, টিউশন ফি ও পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে শিক্ষার্থীদের ফি পরিশোধের ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমবে এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিশ্ববিদ্যালয় ও উপায়ের মধ্যে এ চুক্তি শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আর্থিক সেবা সহজীকরণে ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Link copied!