প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠন ইউথম্যাপারস-এর চতুর্থ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন নাসিমুল ইসলাম সিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহাদাত হোসেন।
ইউথম্যাপারস বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। ওপেন স্ট্রিট ম্যাপ-এর মাধ্যমে বিশ্বের অনামাংকিত ও প্রান্তিক অঞ্চলগুলোর মানচিত্রায়ন করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে ওপেন স্ট্রিট ম্যাপ-এ বাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা চিহ্নিত করা। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পে মানচিত্রের তথ্য সরবরাহ, মানচিত্রায়ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে অংশীদারত্বে কাজ করে ইউথম্যাপারস।
সংগঠনটির সদস্যরা ওপেন স্ট্রিটম্যাপ ও জিআইএস বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের সুযোগ পান। এ ছাড়া আন্তর্জাতিক মানচিত্রায়ন প্রতিযোগিতা ও সম্মেলনে অংশ নেওয়া এবং গবেষণা ও পেশাগত জীবনের জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।
আয়োজকেরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা ইউথম্যাপারস আরইউ চ্যাপটার-এর কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এ জন্য আগে থেকে মানচিত্রায়নের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। শেখার আগ্রহ ও সমাজের জন্য কাজ করার মানসিকতাই যথেষ্ট।
