শনিবার ১৫, আগস্ট ২০২৬

শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --

বাউবি উপাচার্যের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে তিনি গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেন। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় যাতে পরীক্ষার পরিবেশকে ব্যাহত করতে না পারে, সেদিকেও কঠোর নজর রাখার পরামর্শ দেন তিনি।

উপাচার্য বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করাও বাউবির অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর উপাচার্য বাউবির গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের উৎসাহ ও প্রতিষ্ঠানের সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারে।

উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করেন বাউবি উপাচার্য। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার্থীকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দ্রুত, আন্তরিকতা ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সেবামূলক মনোভাব নিয়ে পালনের আহ্বান জানান। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন দ্রুত সমাধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সেবার মান আরও উন্নত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

উপাচার্যের এই পরিদর্শন ও মতবিনিময়ের মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা পরিচালনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীসেবার মান আরও উন্নত করার বিষয়টি সামনে এসেছে।

Link copied!