প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১২ আগস্ট) সকালে খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইউটিএল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট সদস্যের ওপর প্রকাশ্য রাস্তায় এমন হামলা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাঁদের মতে, এ ধরনের হামলা শুধু একজন শিক্ষকের ওপর আক্রমণ নয়, বরং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকসমাজ এবং নিরাপদ শিক্ষার পরিবেশের ওপরও গুরুতর আঘাত।
তাঁরা আরও বলেন, কোনো মতপার্থক্য, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউটিএল নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছে সংগঠনটি। ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক যেন এ ধরনের হামলা ও নিরাপত্তাহীনতার শিকার না হন, সে জন্য কার্যকর ও টেকসই নিরাপত্তাব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে ইউটিএল।
