প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ, চ্যালেঞ্জিং ও দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা কঠিন হলেও সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক অত্যন্ত জরুরি।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাতে কারও সম্মানহানি না হয়, সেদিকেও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে অযথা ক্ষুণ্ন না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে হবে। উপ-উপাচার্য নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবেই। সাংবাদিকতার ক্ষেত্রেও মতের ভিন্নতা স্বাভাবিক। তবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদ হাসান। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দাপ্তরিক ফাইল হস্তান্তর করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক মোহসীন উল হাকিম। তিনি বলেন, সাংবাদিকদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এটি একটি উপভোগ্য পেশা হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে। অনেক সময় ক্যাম্পাস সাংবাদিকতা প্রশাসনের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়। তাই তরুণ সাংবাদিকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে লেখালেখি করার আহ্বান জানান তিনি।
নিজের সাংবাদিকতা জীবনে সুন্দরবন নিয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সুন্দরবনের জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, বনদস্যুতা এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। এ পর্বে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের সদস্য শাফিউল ইসলাম ও ফৌজিয়া ফারিয়া জেবা। এতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
