মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম
রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
গুলশান আরা ওরফে ফেরদৌসী
এসএসসি ২০২৬ এর ফলাফলে সাফল্যের নতুন নজির গড়ল মৌলভীবাজারের কমলগঞ্জ তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এবার ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর তাদের মধ্যে আলো ছড়িয়েছে গুলশান আরা ওরফে ফেরদৌসী। সে অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।
তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও গোটা এলাকাজুড়ে বইছে আনন্দ আর গর্বের আবহ। দক্ষিণ তিলকপুরের মেয়ে, স্বপ্ন আকাশ ছোঁয়ার গুলশান আরা কমলগঞ্জ উপজেলার দক্ষিণ তিলকপুর গ্রামের মেয়ে। বর্তমানে পরিবারের সাথে আদমপুর বাজার এলাকায় বসবাস করছে।
বাবা মো. ইউসুফ আলী ও মা রোজিনা বেগম মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত। ছোটবেলা থেকেই বই-খাতাই ছিল তার সঙ্গী। সহপাঠী ও শিক্ষকরা বলেন, নিয়মিত পড়াশোনা, অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমই তাকে এনে দিয়েছে এই সাফল্য।
গুলশান আরা'র চোখে বড় স্বপ্ন। সে ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবা করতে চায়।
গুলশান আরা বলে, আগামী দিনগুলোতেও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে চাই। সবার দোয়া চাই যেন ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি।
তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম গর্বের সাথে বলেন,
গুলশান আরাসহ আমাদের বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। গুলশানের এই সাফল্যের পেছনে তার মেধা, পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতা রয়েছে। সে যেন একজন দক্ষ ডাক্তার হয়ে দেশের সেবা করে—এটাই আমাদের প্রত্যাশা।
মেয়ের সাফল্যে গর্বিত বাবা-মাও সবার কাছে দোয়া চেয়েছেন। তারা বলেন, মেয়ের স্বপ্ন পূরণে সবার সহযোগিতা কামনা করি।
গুলশান আরা'র এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকলের একটাই কামনা—গুলশান আরা যেন তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করে এলাকার মুখ উজ্জ্বল করে।