প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবার শুধু পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নেরও সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ভালো করার প্রস্তুতি থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।
তিনি বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। খাতা মূল্যায়নে কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
