ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম
শনিবার ০১, আগস্ট ২০২৬ -- : -- --
ফাইল ফটো
রাত পোহালেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী-সহ উপস্থিত থাকছেন ৮ জন রাষ্ট্রীয় অতিথিরা। শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ১ আগস্ট সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্ প্রমুখ।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এদিন দুই পর্বে অনুষ্ঠান চলবে। এতে প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থী ও
দ্বিতীয় পর্বে ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন
সামাজিক বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন বক্তব্য রাখবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন, ডকুমেন্টারি প্রদর্শন, শহীদদের স্মরণে নিরবতা পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়া রাষ্ট্রীয় অতিথিদের অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংশ্লিষ্টদের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হবে।
নিরাপত্তা জোরদার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, আমরা থানার দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় বসেছি। উনারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোই সর্বোচ্চ সহযোগিতা করবেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আনসার, বিএনসিসি ও রোভাররা মাঠে থাকবেন। আমরা অতিথিদের গ্রহণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছি।