খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম
শনিবার ০১, আগস্ট ২০২৬ -- : -- --
ফাইল ফটো
তিন দফা দাবির বাস্তবায়নে প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে চলমান ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। আগামী রোববার (২ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
শুক্রবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে যৌন হয়রানি নিরোধক কেন্দ্রের প্রতিবেদনের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তৃতীয় দাবির বিষয়ে শিক্ষার্থীরা জানান, 'স্পন্দন ২৪' ক্লাব ইতোমধ্যে তাদের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সব কার্যক্রম স্থগিত করেছে। আগামী রোববার ক্লাবটির নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিলের আবেদন ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রথম দাবির অগ্রগতির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যানটিনকর্মীর বিরুদ্ধে সংঘটিত যৌন হয়রানির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চার ধারায় মামলা করেছে। অভিযুক্ত ও তার স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া ঘটনার আগে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্টের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা হয়েছে এবং শিক্ষার্থীরা তা পর্যালোচনার সুযোগ পাবেন।
সাধারণ শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবির বিষয়ে সন্তোষজনক অগ্রগতি বিবেচনায় নিয়ে তারা ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করছেন এবং রোববার থেকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালুর আহ্বান জানাচ্ছেন।
তবে দাবিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে কোনো ধরনের গড়িমসি, অবহেলা বা অসহযোগিতামূলক আচরণ পরিলক্ষিত হলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।