শনিবার ০১, আগস্ট ২০২৬

শনিবার ০১, আগস্ট ২০২৬ -- : -- --

গ্রিন ইউনিভার্সিটিতে জাতীয় এইচআর সামিট-২০২৬ শনিবার

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

দেশের উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় এইচআর সামিট-২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের সম্মেলন।বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর উদ্যোগে আগামীকাল (১ আগস্ট ২০২৬) শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন খাতের ৩০ জনেরও বেশি খ্যাতনামা মানবসম্পদ বিশেষজ্ঞ, কর্পোরেট নির্বাহী এবং শিল্পখাতের নেতৃবৃন্দ অংশ নেবেন। তাঁদের অংশগ্রহণে কর্মক্ষেত্রের বর্তমান বাস্তবতা, ভবিষ্যতের দক্ষতা, নেতৃত্ব বিকাশ এবং কর্মসংস্থানের পরিবর্তিত চাহিদা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা আরও শক্তিশালী করা, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন থেকেই কর্পোরেট বিশ্বের বাস্তব চাহিদা সম্পর্কে ধারণা অর্জন করতে পারে এবং কর্মক্ষেত্রের জন্য নিজেদের আরও প্রস্তুত করে তুলতে পারে।

এ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে তিনটি প্যানেল আলোচনা এবং দুটি রাউন্ডটেবিল সংলাপ। এসব সেশনে দেশের শীর্ষস্থানীয় এইচআর পেশাজীবী ও কর্পোরেট নেতারা নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ এবং ভবিষ্যতের চাকরির বাজার নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন।

আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন শিক্ষার্থী, তরুণ চাকরিপ্রত্যাশী, শিক্ষক এবং কর্পোরেট প্রতিনিধিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি, দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের পারস্পরিক সহযোগিতা জোরদার করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!