প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ এএম
সিসিপের উদ্যোগে `Python Programing & UI/UX Design Courses’-এর ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই, ২০২৬) রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)’ এবং ‘বেসিস’ যৌথভাবে এর আয়োজন করে।
সিসিপের চিফ কোঅর্ডিনেটর খালেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের সম্মানিত সদস্য ও সিসিপ-বেসিস প্রোগ্রামের ফোকাল পারসন মো. রওশন কামাল জেমস এবং সম্মানিত অতিথি ছিলেন বেসিস ও সিসিপের প্রোগ্রাম স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) সদস্য বেলাল আহমেদ। এছাড়া সেখানে প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, এ ধরনের প্রশিক্ষণকে শুধুমাত্র ‘ফ্রি কোর্স’ হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। এই প্রশিক্ষণ সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর মাধ্যম, যা অংশগ্রহণকারীদের বিদ্যমান দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
তিনি আরও বলেন, আইসিটি খাতে দক্ষতা অর্জনের ক্ষেত্রে সার্টিফিকেশনের গুরুত্ব অনেক। তবে কেবল সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়; নিয়মিত অনুশীলন ও বাস্তব কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃত দক্ষতা গড়ে তুলতে হবে। আইন, চিকিৎসা কিংবা তথ্যপ্রযুক্তি-সব ক্ষেত্রেই ব্যবহারিক অভিজ্ঞতা সাফল্যের মূল চাবিকাঠি। তিনি অংশগ্রহণকারীদের সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ধারাবাহিকভাবে দক্ষতা উন্নয়নের আহ্বান জানান এবং বলেন, এই প্রশিক্ষণের আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. রওশন কামাল জেমস দেশের তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, SICIP-BASIS-এর এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি শিল্পের চাহিদার সঙ্গে নিজেদের উপযোগী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, নিয়মিত অনুশীলন ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে দেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
সম্মানিত অতিথির বক্তব্যে বেলাল আহমেদ বলেন, বেসিস তথ্যপ্রযুক্তি খাতে দিকনির্দেশকের কাজ করছে। এই খাতকে উন্নয়নের জন্য বেসিস সরকারের সঙ্গে সফলতার সঙ্গে কাজ করে আসছে। তিনি প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা এই ৪ মাস মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে যেন দক্ষতা অর্জন করেন এবং নিজের ও দেশের উন্নয়নে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগান।
প্রসঙ্গত, SICIP-BASIS Program-এর আওতায় Python Programming, UI/UX Design এবং Technical Sales Specialist-সহ বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
