প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া লোকদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। তাদেরকে কর্মমুখী করতে হবে। সমাজের বেকারত্ব দূর করতে হবে।
তিনি আজ লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট কৃষি, জরুরী প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প (সি-স্ক্যাপ)-এর আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ, জাতীয় আবৃত্তি আয়োজন এবং ভি-এমবি বিষয়ক কর্মশালাও অনুষ্ঠিত হয়।
তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস, শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের মাঝে হুইলচেয়ার ও কৃত্রিম সহায়ক ডিভাইস, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে যুবঋণের চেক এবং কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ কমিশনার মো. সাইদুজ্জামান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির হোসেন সিফাত, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, উপকারভোগী ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং কৃষি, শিক্ষা ও যুব উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মাঝে সহায়ক উপকরণ, শিক্ষা সামগ্রী, যুবঋণের চেক এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
