প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০১:২১ এএম
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সোমবার (৬ জুলাই) অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তার মরদেহ বাংলা একাডেমিতে, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মিরপুরের একটি চায়নিজ রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজে গিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওই ভবনে থাকা একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ মিরপুরের পল্লবীর বাসায় নিয়ে যান।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ২০২৪ সালের ২৮ অক্টোবর বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি স্ত্রী ফরিদা প্রধান, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুচিতা শারমিন, পুত্রবধূ রাজিয়া রহমান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে ২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকার আজিজ সুপার মার্কেটে জঙ্গিরা হত্যা করে।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে ১৯৬২ সালে আইএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৫ সালে স্নাতক এবং ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
