প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে কোরিয়ান ভাষা শিক্ষা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ জুলাই, ২০২৬) সকাল ১১টায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম কোইকা বাংলাদেশের প্রতিনিধিদল সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফয়জুল হক। কোইকা বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রোগ্রাম ম্যানেজার মিস কাং সুজিয়ং এবং প্রোগ্রাম অফিসার মো. হোসাইন তুরজো।
সভায় শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া কর্মসূচির আওতায় দুইজন কোরিয়ান ভাষা স্বেচ্ছাসেবক নিয়োগ, তাদের দায়িত্ব ও কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশিত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এছাড়া কোরিয়ান ভাষা শিক্ষার মানোন্নয়নে কোইকার ভূমিকা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় উভয় পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। See less
