প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন বহরে যুক্ত হয়েছে নতুন তিনটি মিনিবাস। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সংলগ্ন সড়কে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারণ এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে তিনটি ৩০ আসনের মিনিবাস ক্রয় করা হয়েছে। নতুন বাসগুলো পরিবহন বহরে যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মোট বাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে।
এর ফলে রাঙ্গামাটি শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি সময়মতো ক্লাসে উপস্থিতি, একাডেমিক কার্যক্রম এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন বাস সংযোজনের মাধ্যমে দীর্ঘদিনের পরিবহন সংকটও অনেকাংশে লাঘব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম দোয়া পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট, পরিচালক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পরিবহন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল অ্যান্ড মেইনট্যানেন্স) মো. জনিসহ পরিবহন দপ্তরের চালক ও বাস হেলপাররাও উপস্থিত ছিলেন।
