সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

জাককানইবিতে গবেষণা সপ্তাহের উদ্বোধন

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বৃক্ষরোপণ ও কেক কাটার মধ্য দিয়ে ‘গবেষণা সপ্তাহ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা সুযোগ এবং পাঠ্যক্রম উন্নয়নবিষয়ক তিনটি প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

সোমবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ আয়োজনে নতুন কলা ভবনের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে গবেষণা সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘গবেষণা যেকোন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের একটি মানদণ্ড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী সকলের জন্যই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই গবেষণা করতে হবে। সবাইকে ক্রিয়েটিভ হতে হবে এবং নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে হবে। গবেষণায় উন্নতি করতে পারলে একইসাথে নিজের, প্রতিষ্ঠানের, সমাজের তথা দেশের উন্নতি হবে| তাই সকলকে গবেগষণায় মনোযোগের সাথে আত্মনিয়োগ করে আবিষ্কার করতে হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

গবেষণা সপ্তাহ উপলক্ষে ‘Pathways to Higher Studies Abroad: Strategies Securing Scholarships and Research Opportunities’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব। এ ছাড়া গুণগত তথ্য বিশ্লেষণ সফটওয়্যার ‘NVivo’ বিষয়ক প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য নতুন কলা ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন।

এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত ‘Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহীদ রেজা। উদ্বোধনী পর্বে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, ড. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!