প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম
রংপুর জেলার দর্শনীয় স্থান, স্থানীয় ব্যবসা, বিভিন্ন সেবা, খবর, চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ইভেন্টের তথ্য এক জায়গায় পাওয়ার সুযোগ নিয়ে ‘Rangpur Connect’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম ও সুজন প্রধান।
‘রংপুরকে জানুন, খুঁজুন ও সংযুক্ত থাকুন’ এই ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে অ্যাপটি। রংপুরের বাসিন্দা, শিক্ষার্থী, পর্যটক, চাকরিপ্রার্থী, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার সুযোগ করে দেওয়াই এর মূল লক্ষ্য।
অ্যাপটিতে রংপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও পর্যটনকেন্দ্রের তথ্যের পাশাপাশি স্থানীয় খবর ও গুরুত্বপূর্ণ আপডেট, স্থানীয় ব্যবসা ও মার্কেটপ্লেস, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য এবং সেবার তথ্য যুক্ত করা হয়েছে।
এ ছাড়া রেস্টুরেন্ট ও খাবার, হোটেল ও আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় চাকরির তথ্য ও সুযোগ, বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্ট, কমিউনিটি আপডেট, নোটিশ ও গুরুত্বপূর্ণ ঘোষণার মতো বিভাগ রয়েছে। ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়ার জন্য রাখা হয়েছে সার্চ সুবিধাও।
অ্যাপটির উদ্যোক্তা নাজমুল হাসান নাঈম ও সুজন প্রধান বলেন, রংপুরের বিভিন্ন তথ্য ও সেবাকে একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করাই মূল লক্ষ্য। তাঁরা বলেন, ‘রংপুরের মানুষকে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি জেলার ব্যবসা, সেবা ও সম্ভাবনাগুলোকে ডিজিটালভাবে তুলে ধরতে Rangpur Connect তৈরি করা হয়েছে।’
তাঁরা আরও বলেন, ‘একটি জেলার প্রয়োজনীয় তথ্য যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, তখন তা খুঁজে পেতে সময় লাগে। সেই বিষয়টি মাথায় রেখে এক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের তথ্য ও সেবা যুক্ত করার চেষ্টা করেছি। ভবিষ্যতে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী আরও তথ্য ও ফিচার যুক্ত করা হবে।’
অ্যাপটির অন্যতম লক্ষ্য স্থানীয় ব্যবসা ও উদ্যোক্তাদের ডিজিটাল পরিসরে তুলে ধরা। এ জন্য অ্যাপটিতে দোকান, প্রতিষ্ঠান, ব্যবসা ও বিভিন্ন সেবার তথ্যের পাশাপাশি মার্কেটপ্লেসের সুবিধা রাখা হয়েছে। এতে স্থানীয় ব্যবসা সম্পর্কে সহজে তথ্য পাওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের নিজেদের সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
পর্যটকদের জন্যও অ্যাপটিতে বিভিন্ন দর্শনীয় স্থান ও পর্যটনসংক্রান্ত তথ্য রাখা হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্ট, খাবার ও আবাসনের তথ্য থাকায় রংপুরে আসা দর্শনার্থীরা প্রয়োজনীয় সেবা খুঁজে নিতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় চাকরির তথ্য, আর সাধারণ ব্যবহারকারীদের জন্য খবর, নোটিশ ও বিভিন্ন ইভেন্টের তথ্য যুক্ত করা হয়েছে। ফলে রংপুরের বাসিন্দা ও জেলার বাইরে থাকা ব্যক্তিরাও একটি প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন।
‘Rangpur Connect’ বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির নির্মাতারা জানান, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এতে আরও নতুন তথ্য, সেবা ও ফিচার যুক্ত করা হবে। https://play.google.com/store/apps/details?id=com.butterflydevs.rangpurapp। ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করে রংপুর জেলার বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।
