বুধবার ০৩, জুন ২০২৬

বুধবার ০৩, জুন ২০২৬ -- : -- --

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাবি উপাচার্য ও জাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১১:১৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে গত ১২ মে ২০২৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী একজন বহিরাগত কর্তৃক ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার ঘটনা অবহিত করেন এবং অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা উপাচার্যের সঙ্গে ছিলেন। সাক্ষাৎকালে জাকসুর ভিপি অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাক্ষাৎ শেষে উপাচার্য বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁর এবং জাকসুর নেতৃবৃন্দের কথা শুনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে অপরাধীকে দ্রুত খুঁজে বের করে গ্রেফতারের জন্য পুলিশের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশনা দেন।  

সাক্ষাৎকালে উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নানা ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা অবহিত করেন। উপাচার্য ক্যাম্পাসের তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কুইক রেসপন্স টিম গঠন, অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর চালুকরণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ ও তাদের পরিচয়পত্র প্রদর্শন ও লগবুক রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুকরণ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা এবং তাদের তথ্য প্রকল্প পরিচালকের মাধ্যমে নিরাপত্তা শাখায় জমাদান, দোকান কর্মচারীদের মালিক প্রদত্ত আইডি ও জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া, ক্যাম্পাস থেকে সব ধরনের ভ্রাম্যমাণ দোকান অপসারণ করা, দোকান কর্মচারীদের তথ্য ডাটাবেইজ তৈরি করে আইসিটি সেলের মাধ্যমে সংরক্ষণ করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেইটে দিন-রাতের শিফটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করা, বাড়তি নিরাপত্তা প্রহরী নিয়োগের প্রক্রিয়া শুরু করা, অসমাপ্ত সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন করণ এবং ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার বিষয়াদি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংগঠিত  অপরাধের বিষয়াদি তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী সেসব অপরাধের তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Link copied!