সানজানা শওকত,বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:১৫ পিএম
বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ডব্লিউপিই স্পোর্টস কার্নিভাল ২০২৬” এর গ্র্যান্ড ফিনালে। এই অন্তঃবিভাগীয় ক্রীড়া আয়োজন বুটেক্স ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি, খেলাধুলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
মঙ্গলবার (১৯ মে) বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালে। সপ্তাহব্যাপী এই স্পোর্টস কার্নিভালে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কার্নিভালে ছেলেদের জন্য আয়োজন করা হয় ক্রিকেট, ফুটবল, ই-ফুটবল ও পাবজি প্রতিযোগিতা। অন্যদিকে মেয়েদের জন্য ছিল ট্রেজার হান্ট এবং “স্টিল দ্যা বেকন” এর মতো আকর্ষণীয় আয়োজন।
মেয়েদের স্টিল দ্যা বেকন খেলায় বিজয়ী হয় উম্মে নাজনিন, সামিয়া তাসনিম সাবা, উম্মুল খায়ের নিশাদ এবং হুনয়ের রিতুদের দল। অন্যদিকে ট্রেজার হান্টে বিজয়ী হয় সাদিয়া হক, ইফরান ফাহিমা প্রমি ও ফাতেমা তুজ জোহরাদের দল। ই-স্পোর্টস সেগমেন্টে পাবজি প্রতিযোগিতায় বিজয়ী হয় ৪৯তম বিভাগের আলফি হক, এস এম সাদিকুজ্জামান, ইমরান হোসাইন ও হাসিবুল হাসান । ই-ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয় ৫০তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ মাহিন।
ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয় ৪৮তম ব্যাচ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। সর্বোচ্চ গোলদাতা হন ৪৮তম ব্যাচের মো. ফাইজ মিয়া এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন একই ব্যাচার রহমত উল্লাহ রাকিব।
ক্রিকেট টুর্নামেন্টেও বিজয়ী হয় ৪৮তম ব্যাচ। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ৪৮তম ব্যাচের রবিউল ইসলাম রানা এবং সর্বোচ্চ উইকেট শিকারি হন একই ব্যাচের মো. লিমন হোসেন রিংকন। এছাড়াও ফাইনাল ও পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মমিন ফকির।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর মো. সোহাগ বাবু। তিনি বলেন, “শিক্ষার্থীরা যেন খেলাধুলার মধ্যেই থাকে এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ করে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের আরও আয়োজন চালু করতে চাই। এই ধরনের আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভেতরে থাকা বিভিন্ন প্রতিভাকে খুঁজে বের করা এবং সেই প্রতিভাগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করা। পাশাপাশি ক্লাবকে সবসময় সক্রিয় ও প্রাণবন্ত রাখতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজকদের পক্ষ থেকে ক্লাবের সভাপতি উৎস কারন বলেন, “বুটেক্স ওয়েট প্রসেস ক্লাব বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক এবং প্রফেশনাল উন্নয়নের পাশাপাশি রিক্রিয়েশনাল দিকেও সমানভাবে মনোযোগী। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয় ‘ডব্লিউপিই স্পোর্টস কার্নিভাল ২০২৬’। ব্যস্ত একাডেমিক জীবনের মাঝে এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। খেলাধুলা, অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে কার্নিভালটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।”