মঙ্গলবার ০২, জুন ২০২৬

মঙ্গলবার ০২, জুন ২০২৬ -- : -- --

ফ্রিজ ছাড়াই মাংস সংরক্ষণ, জানুন দারুণ উপায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৯:১৩ এএম

প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

কোরবানির ঈদে অনেক সময় মাংসের পরিমাণ এত বেশি হয় যে সবটুকু ফ্রিজে রাখা সম্ভব হয় না। আবার অনেকের বাসায় ফ্রিজের ধারণক্ষমতাও সীমিত। তবে ফ্রিজই মাংস সংরক্ষণের একমাত্র উপায় নয়। আধুনিক রেফ্রিজারেশনের যুগের আগেও মানুষ বিভিন্ন কৌশলে দীর্ঘ সময় মাংস ভালো রাখতেন। বিশেষ করে গ্রামবাংলায় দাদি-নানিদের ব্যবহৃত কিছু ঐতিহ্যবাহী পদ্ধতি এখনো কার্যকর বলে বিবেচিত হয়। চলুন জেনে নেওয়া যাক ফ্রিজ ছাড়া কোরবানির মাংস সংরক্ষণের পাঁচটি প্রচলিত উপায়।

রোদে শুকিয়ে মাংস সংরক্ষণ

গ্রামীণ এলাকায় বহু বছর ধরে মাংস শুকিয়ে সংরক্ষণের প্রচলন রয়েছে। এ পদ্ধতিতে মাংস পাতলা টুকরো করে কেটে তাতে লবণ ও হালকা মসলা মাখিয়ে কয়েক দিন টানা রোদে শুকানো হয়। মাংস পুরোপুরি শুকিয়ে গেলে এর আর্দ্রতা অনেক কমে যায়, ফলে দ্রুত পচে যাওয়ার আশঙ্কা থাকে না। এভাবে তৈরি করা শুকনো মাংসকে অনেকে ‘মাংসের শুঁটকি’ বলে থাকেন। সাধারণত হাড়, চর্বি ও অতিরিক্ত তেল ছাড়া শুধু মাংসের অংশ ব্যবহার করা হয়। চাইলে আগে লবণ ও হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেওয়া যায়। আবার কাঁচা মাংসে লবণ, হলুদ, মরিচ ও অন্যান্য গুঁড়া মসলা মাখিয়েও কয়েক দিন রোদে শুকিয়ে কাচের বয়ামে সংরক্ষণ করা যায়।

লবণের সাহায্যে সংরক্ষণ

লবণ প্রাকৃতিক সংরক্ষণকারী হিসেবে কাজ করে। পর্যাপ্ত পরিমাণ লবণ মাখিয়ে মাংস মাটির বা স্টিলের পাত্রে রেখে দিলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায় এবং কিছুদিন পর্যন্ত মাংস ভালো থাকে। এ ছাড়া লবণের সঙ্গে লেবুর রস মিশিয়েও মাংস সংরক্ষণ করা যেতে পারে, যা নষ্ট হওয়ার ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করে।

চর্বির আবরণে মাংস রাখা

এটি অত্যন্ত পুরোনো কিন্তু কার্যকর একটি পদ্ধতি। প্রথমে মাংস ভালোভাবে রান্না বা ভেজে নিতে হয়। এরপর তার ওপর গলানো পশুর চর্বি বা তেলের একটি স্তর ঢেলে দেওয়া হয়। চর্বির এই আবরণ বাইরের বাতাসকে মাংসের সংস্পর্শে আসতে বাধা দেয়। ফলে মাংস তুলনামূলক দীর্ঘ সময় ভালো থাকে। দেশের কিছু অঞ্চলে এখনো এই পদ্ধতি অনুসরণ করা হয়।

ভুনা বা কষিয়ে সংরক্ষণ

অনেক পরিবার কাঁচা মাংস না রেখে আগে থেকেই তা ভালোভাবে কষিয়ে বা ভুনা করে সংরক্ষণ করেন। বেশি তেল, রসুন, মরিচ ও মসলাযুক্ত রান্না করা মাংস সাধারণত কাঁচা মাংসের তুলনায় বেশি দিন ভালো থাকে, বিশেষ করে যদি তা শীতল ও শুকনো পরিবেশে রাখা হয়। তবে সংরক্ষণের আগে নিশ্চিত করতে হবে যেন মাংসে কোনো পানি না থাকে। মসলা ছাড়াও শুধুমাত্র তেলে সেদ্ধ করে মাংস রাখা যায়। সে ক্ষেত্রে প্রতিদিন অন্তত একবার মাংস ভালোভাবে গরম করে নেওয়া প্রয়োজন।

ধোঁয়ার মাধ্যমে শুকিয়ে রাখা

মাংস সংরক্ষণের আরেকটি ঐতিহ্যবাহী উপায় হলো ধোঁয়ায় শুকানো বা স্মোকিং। এ পদ্ধতিতে মাংস আগুনের ধোঁয়ার ওপর ঝুলিয়ে রাখা হয়। ধোঁয়ার তাপে মাংসের আর্দ্রতা কমে যায় এবং সংরক্ষণকাল বৃদ্ধি পায়। স্মোকিংয়ের দুটি প্রচলিত পদ্ধতি রয়েছে। হট স্মোকিংয়ে প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাংস প্রক্রিয়াজাত করা হয়। অন্যদিকে কোল্ড স্মোকিং পদ্ধতিতে ৮৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ থেকে ২৪ ঘণ্টা ধোঁয়ার সংস্পর্শে রাখা হয়। এতে মাংসে থাকা বিভিন্ন ক্ষতিকর অণুজীব ধ্বংস হয়ে যায়। বাণিজ্যিকভাবে মাংস সংরক্ষণের ক্ষেত্রেও এ পদ্ধতি ব্যবহৃত হয়।

সংরক্ষণের ক্ষেত্রে সতর্কতা

বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ফ্রিজ ছাড়া কাঁচা মাংস দীর্ঘ সময় নিরাপদ রাখা বেশ কঠিন। তাই যেকোনো ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাংস থেকে দুর্গন্ধ বের হলে, রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হলে বা পিচ্ছিল ভাব দেখা দিলে তা খাওয়া উচিত নয়। মনে রাখতে হবে, এসব পদ্ধতি মূলত স্বল্পমেয়াদি বা মধ্যমেয়াদি সংরক্ষণের জন্য উপযোগী; দীর্ঘমেয়াদি নিরাপদ সংরক্ষণের জন্য ফ্রিজ বা ডিপ ফ্রিজই সবচেয়ে কার্যকর ব্যবস্থা।

Link copied!