প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:১৫ পিএম
পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আগামী ২২ মে থেকে এ ছুটি কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় কার্যত ২২ মে থেকেই ক্লাস বন্ধ হয়ে যাবে। এছাড়া ১২ ও ১৩ জুনও সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনগুলোতেও কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ জুন থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্লাস শুরু হবে।
তবে ছুটিকালীন সময়ে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। অন্যদিকে, এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল বন্ধ থাকবে।
আবাসিক হলগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত হল বন্ধ ঘোষণা করেছে। আগামী ১২ জুন সকাল ১০টা থেকে হল পুনরায় খোলা হবে। ছুটিকালীন সময়ে হলে প্রবেশের ক্ষেত্রে গেটে নাম ও কারণ লিপিবদ্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।
পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ঈদ যাত্রায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় শহরে এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে চালু হওয়া এ সেবায় আগ্রহী শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১১টার মধ্যে আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে পরিবহন পুলে তথ্য জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বলেন, বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে বাসের ব্যবস্থা করা হয়েছে। হলগুলোর বিষয়ে প্রশাসন কর্তৃক আগামীকাল নির্দেশনা দেওয়া হবে।
