প্রকাশিত: ২০ মে ২০২৬, ০১:১১ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) একাউন্টিং ও তথ্য ব্যবস্থা বিভাগের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিতে একাউন্টিং ও তথ্য ব্যবস্থা বিভাগের পক্ষে বিভাগীয় সভাপতি ও বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. মো. সোলাইমান হোসাইন এবং আইসিএমএবি’র পক্ষে ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত এ চুক্তি সম্পন্ন হয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, একাউন্টিং ও তথ্য ব্যবস্থা বিভাগের কোনো শিক্ষার্থী পেশাদার ডিগ্রির জন্য সিএমএ কোর্সে ভর্তি হলে মোট ২০টি কোর্সের মধ্যে ৬টি কোর্সে সরাসরি ছাড় পাবে। ফলে শিক্ষার্থীদের বাকি ১৪টি কোর্স সম্পন্ন করলেই সিএমএ ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে সিএমএ কোর্সে ভর্তি হওয়া বিভাগের শতাধিক শিক্ষার্থীও এই চুক্তির আওতায় সুবিধা ভোগ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আইসিএমএবি’র অংশীজনরা উপস্থিত ছিলেন।
