বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

রাবিপ্রবিতে ফুটবলের শিরোপা জিতলো ম্যানেজমেন্ট বিভাগ

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:৩০ পিএম

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ম্যানেজমেন্ট বিভাগ।

বুধবার (২০ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিঙ্গেল ব্রিজ সংলগ্ন মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে সক্ষম হয় ম্যানেজমেন্ট বিভাগ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সমর্থকরা।

টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারুখ আহমেদকে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত করা হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. রহিম উদ্দীন, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৩ মে রাবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়। কয়েকদিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে শিরোপা জিতে নেয় ম্যানেজমেন্ট বিভাগ।

Link copied!