প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৪:৩৫ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে, ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সিন্ডিকেট সভাকক্ষে পাকিস্তানের ২০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি এবং শিক্ষাখাতের সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান এবং পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল।এয়াড়া বেরোবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানগণ এতে অংশ নেন।
মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন,উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। এই এক্সপো দুই দেশের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে একটি মাইলফলক। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং জ্ঞান-বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
এ সময় পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষাখাতের এই সমন্বয় তরুণ প্রজন্মের মেধা বিকাশে দারুণ সহায়ক হবে।তিনি বলেন, পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষাদান ও বৃত্তির সুবিধা দিতে প্রস্তুত। এই 'নলেজ করিডোর' দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
সভা শেষে উপাচার্য ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ‘এডুকেশন এক্সপো’ শীর্ষক শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনব্যাপী এই এক্সপোতে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয় স্টলের মাধ্যমে তাদের একাডেমিক কার্যক্রম, স্কলারশিপ ও গবেষণা সুবিধা প্রদর্শন করে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
