বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে আসছে বড় প্রকল্প

জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৩:৫১ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চলতি অর্থবছরের বাজেটেই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসাইন ভূঁইয়ান। একই সঙ্গে গবেষণা ও আইসিটি খাতে বড় সরকারি প্রকল্প আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই বাজেটেই ডিপিপি পাস হবে এবং প্রয়োজনীয় বরাদ্দও পাওয়া যাবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে কিউ১ ও কিউ২ জার্নালে প্রকাশিত গবেষণাগুলো ভবিষ্যতে বড় সরকারি প্রকল্প ও বরাদ্দ পেতে সহায়ক ভূমিকা রাখবে। সঠিকভাবে প্রস্তাবনা উপস্থাপন করতে পারলে আইসিটি মন্ত্রণালয় থেকে ৫ কোটি থেকে ১০০ কোটি টাকার প্রকল্পও পাওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

গবেষণা প্রকল্পের আবেদন ব্যক্তিগতভাবে না করে প্রাতিষ্ঠানিকভাবে করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল বা নতুন কোনো গবেষণা কেন্দ্রের মাধ্যমে আবেদন করা হলে সরকার সেটিকে প্রতিষ্ঠানের প্রয়োজন হিসেবে গুরুত্ব দেবে।

প্রান্তিক অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গ্রামে বিশ্ববিদ্যালয় হওয়ায় কেউ হতাশ হবেন না। বরং আপনাদের সুযোগ-সুবিধা ও প্রাপ্য আরও বাড়বে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে প্রতি সপ্তাহে একটি করে কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের উদ্যোগে “ইমপ্যাক্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড হাউ টু রাইট রিসার্চ আর্টিকেল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

রিসার্চ সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবির। তিনি কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং মানসম্মত গবেষণা প্রবন্ধ লেখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসার্চ সেলের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিমুল ইহসান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

Link copied!