সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

জমি দখলের অভিযোগ মিথ্যা দাবি, কুবি কর্মচারীর বহিষ্কার চান শিক্ষার্থীরা

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১০:০৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক কর্মচারীর করা জমি দখল ও হত্যার হুমকির অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করেছেন সাত শিক্ষার্থী। নিজেদের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে ওই কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন জমা দেন অভিযুক্ত শিক্ষার্থীরা। তাঁরা হলেন বাংলা বিভাগের সাইফুল মালেক আকাশ ও আব্দুল্লাহ মোহাম্মদ মাসউদ, আইন বিভাগের আজহারুল ইসলাম ইমরান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নাঈম হোসেন, ইংরেজি বিভাগের জহিরুল ইসলাম জয়, লোক প্রশাসন বিভাগের রাসেল এবং এআইএস বিভাগের সৌরভ কাব্য। তাঁরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ৫ মে বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মচারী জহিরুল ইসলামের বরাতে তাঁদের বিরুদ্ধে ‘হত্যার হুমকি’ ও ‘জমি দখল’-এর মতো গুরুতর অভিযোগ প্রকাশিত হয়। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, একজন বিশ্ববিদ্যালয় কর্মচারী প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে গিয়ে জনসম্মুখে এ ধরনের বক্তব্য দিয়ে তাঁদের মানহানি ও চরিত্রহনন করেছেন। এর ফলে তাঁরা সামাজিক ও পারিবারিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আবেদনপত্রে আরও বলা হয়, সংবাদ প্রকাশের পর অনেক শিক্ষার্থীর পরিবার থেকে মানসিক ও আর্থিক সমর্থন কমে গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। এতে তাঁদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে এবং তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

শিক্ষার্থীদের দাবি, ভিত্তিহীন এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় তাঁরা দুটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো অভিযোগকারী কর্মচারী জহিরুল ইসলামকে দ্রুত বহিষ্কার এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মানহানির অভিযোগে প্রশাসনকে বাদী করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের।

এ বিষয়ে শিক্ষার্থী জহিরুল ইসলাম জয় বলেন, “আমাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছি। আগামীকাল বিকেল ৫টার মধ্যে দুই পক্ষ বসে বিষয়টি সমাধানের জন্য প্রক্টর স্যার বলেছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আমি দুটি পৃথক অভিযোগপত্র পেয়েছি। একটি শিক্ষকদের পক্ষ থেকে এবং অন্যটি শিক্ষার্থীদের পক্ষ থেকে। তাদের আগামীকালের মধ্যে বসে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি যেহেতু ক্যাম্পাসের বাইরের ঘটনা, তাই আবেদনটি রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।”

গত ৫ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জহিরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমি দখলের অভিযোগ এনে লিখিত আবেদন করেন। অভিযোগে বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম মনিরুজ্জামান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল হায়াত, মালী কামাল, পরিচ্ছন্নতা কর্মী হাসান এবং কুবি শাখা ছাত্রদলের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়।

এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিও ফুটেজে শাখা ছাত্রদলের অন্তত আটজন কর্মীকে দেখা যায়। তাঁদের মধ্যে রয়েছেন বাংলা বিভাগের সাইফুল মালেক আকাশ ও আব্দুল্লাহ মোহাম্মদ মাসউদ, আইন বিভাগের আজহারুল ইসলাম ইমরান, ইংরেজি বিভাগের জহিরুল ইসলাম জয়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের খান মোহাম্মদ নাঈম এবং এআইএস বিভাগের সৌরভ কাব্য। এ ছাড়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহীনকেও সেখানে উপস্থিত দেখা যায়।

Link copied!