প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৩:০৬ পিএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট।
বৃহস্পতিবার (০৭ মে) দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’।
কার্নিভালের তিনটি সেগমেন্টের মধ্যে রোবোটিক্স পর্ব গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। এবারের প্রোগ্রামিং সেগমেন্টে রাখা হয় স্ক্র্যাচ প্রোগ্রামিং এবং সি ও পাইথনভিত্তিক প্রবলেম সলভিং প্রতিযোগিতা। স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অন্যদিকে সি ও পাইথনভিত্তিক প্রবলেম সলভিংয়ে অংশ নেয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুইটি সেগমেন্ট মিলিয়ে ৬০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীদের জন্য এক ঘণ্টার মধ্যে পাঁচটি প্রোগ্রামিং সমস্যা সমাধানের চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়।
প্রতিযোগিতার বিচারক ছিলেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম তুষার। তিনি বলেন, “আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে প্রোগ্রামিং প্রতিযোগিতার সঙ্গে পরিচিত হতো, কিন্তু এখন স্কুল জীবন থেকেই তারা কোডিং ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে—যা অত্যন্ত আশাব্যঞ্জক।”
তিনি আরও বলেন, “অংশগ্রহণকারীদের মধ্যে এমন কেউ ছিল না, যে অন্তত একটি সমস্যাও সমাধান করতে ব্যর্থ হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা উচিত।”
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সুস্মিত জাহান বলেন, “পঞ্চম শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা আগামী প্রজন্মের জন্য অপরিহার্য হয়ে উঠছে। তাই ছোটবেলা থেকেই কোডিং শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শাহিদা আফরিন বলেন, প্রতিষ্ঠানটি গত ছয় বছর ধরে স্কুল পর্যায়ে STEM শিক্ষা বিস্তারে কাজ করছে। উন্নত বিশ্বে STEM শিক্ষা মূল পাঠ্যক্রমের অংশ হলেও বাংলাদেশে এটি এখনো প্রধানত সহশিক্ষা কার্যক্রম হিসেবে সীমাবদ্ধ। শিক্ষার্থীদের প্রকৌশলভিত্তিক শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত করতেই রুয়েটে এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে রুয়েটের সিএসই সেমিনার কক্ষে ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুজ্জামান এবং আইসিটি বিভাগের EDGE প্রকল্পের একজন কনসালট্যান্ট। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ দলগুলো নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
এ আয়োজনের অর্গানাইজিং পার্টনার ছিল American Corner Rajshahi এবং Career Guidelines & Alumni Placement Center। ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতা করে রুয়েট কম্পিউটিং সোসাইটি।
