নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:০৪ পিএম
রবিবার ১০, মে ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরে স্মার্ট বোর্ড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০ মে ২০২৬) নোবিপ্রবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় অভ্যস্ত করে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্মার্ট বোর্ড ব্যবহারের মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান ইন্টারেক্টিভ, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব হবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে কাজের গতি এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, নোবিপ্রবিকে একটি আধুনিক ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটালাইজেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্মার্ট বোর্ডের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। অন্যান্যের মাঝে ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আজ নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, ফার্মেসী, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, এপ্লায়েড ম্যাথমেটিক্স, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন বিভাগসহ নোবিপ্রবি উপাচার্য দপ্তর ও র্যাঙ্কিং এন্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলে এ স্মার্ট বোর্ড হস্তান্তর করা হয়।