শুক্রবার ০৮, মে ২০২৬

শুক্রবার ০৮, মে ২০২৬ -- : -- --

ঢাবির সিন্ডিকেট সভা ঘিরে বিক্ষোভ :স্লোগানে উত্তাল সিনেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভা চলাকালে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী ও ডাকসু নেতারা। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনায় সিনেট ভবন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, সন্ধ্যা সাতটায় সিনেট ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি এ বি এম ওবায়দুল ইসলাম।

সিন্ডিকেট সভা চলাকালে কনফারেন্স রুমের বাইরে অবস্থান নেন ডাকসু নেতা ও শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘শিক্ষার্থীদের অধিকার বন্ধ করে ট্রেজারার’, ‘ডাকসু যখন টার্গেট, বাতিল করে বাজেট’, ‘বাজেট আনার মুরোদ নাই, আনলে বলে দরকার নাই’, ‘শিক্ষার্থীদের ভোগান্তি ট্রেজারারের প্রশান্তি’, ‘ডাকসুর আনা বরাদ্দ, ট্রেজারারের নজর কেন?’ এবং ‘পরিবহন বাজেট নিয়ে টালবাহানা চলবে না’—এমন নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতি শনিবার বাস সার্ভিস চালুর উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে বাজেট বরাদ্দ দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তা আটকে দেওয়ার সুপারিশ করেছেন।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন ডাকসু নেতারা। পরে তারা দলবদ্ধভাবে সিনেট ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

Link copied!