প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১১:৪৬ পিএম
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।
বৃহস্পতিবার (০৭ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ১০০টি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়িত্বেও এগিয়ে আসতে হবে।”
গকসুর সহসভাপতি ইয়াসিন আল মৃদূল দেওয়ান বলেন, “সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানো সময়ের দাবি। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে গকসু ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গকসুর নেতৃবৃন্দ। পরে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসজুড়ে সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
