শুক্রবার ০৮, মে ২০২৬

শুক্রবার ০৮, মে ২০২৬ -- : -- --

রুয়েটে নবীনবরণ ৯ মে,অনুষদভিত্তিক সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১১:২৬ এএম

ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৯ মে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরদিন ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর জানিয়েছে, ৯ মে (শনিবার) রুয়েট অডিটোরিয়ামে অনুষদভিত্তিক পৃথক সেশনে নবীনবরণ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে ইতোমধ্যে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, পুরকৌশল (সিই) অনুষদের ওরিয়েন্টেশন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ অনুষদের আওতায় রয়েছে পুরকৌশল, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ।
পরবর্তীতে তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই) অনুষদের ওরিয়েন্টেশন সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।

সবশেষে যন্ত্রকৌশল (এমই) অনুষদের ওরিয়েন্টেশন সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলবে। এ অনুষদের অধীনে রয়েছে যন্ত্রকৌশল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে সাধারণ আসন রয়েছে ১ হাজার ২৩০টি। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি করে আসন নির্ধারিত। এছাড়া এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০টি করে এবং আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বিইসিএম বিভাগে ৩০টি করে আসন রয়েছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার রুয়েটের ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। এ আয়োজনের মাধ্যমে নবাগতরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক কাঠামো, বিভাগীয় কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের সুযোগ পাবেন।

দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Link copied!