প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১১:১০ পিএম
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ মে) সবার মস্তিষ্কে দুদিনের সাপ্তাহিক ছুটিতে যাওয়ার তাড়না তার মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ঘটেছে একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা। ডিন’স অ্যাওয়ার্ড প্রদান, চিকিৎসাসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ছাত্রদলের অবরোধ স্থগিতের ঘোষণায় দিনজুড়ে সরগরম ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো প্রদান করা হয় ডিন’স অ্যাওয়ার্ড। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এবারের ডিন’স অ্যাওয়ার্ড অর্জন করেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইতিকা আইচ এবং একই শিক্ষাবর্ষের ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী জাফরিন আক্তার শিলা।
এরপর উপাচার্যের সভাকক্ষে রাবিপ্রবি এবং চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
সমঝোতা অনুযায়ী, প্যাথলজি বিভাগের সেবায় ৩৫ শতাংশ ছাড়, এক্স-রে, সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি সেবায় ২৫ শতাংশ ছাড় এবং হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাসেবায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে চট্টগ্রামে অবস্থিত পার্কভিউ হাসপাতাল।
দুপুরের পর আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে রাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে তাদের চলমান অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল পুনরায় আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলে, বিপ্লব-পরবর্তী ক্যাম্পাসে কোনো “ফ্যাসিবাদী শক্তি” ও দুর্নীতির স্থান হবে না।
এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড চালু করায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে আগের ব্যাচের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করে বলেন, তাদের সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।
অন্যদিকে পার্কভিউ হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারকের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানান অনেক শিক্ষার্থী। বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগকে তারা সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
