মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

পবিপ্রবিতে ছাত্রদলের কর্মসূচিতে প্রকল্প পরিচালক অবরুদ্ধ, পাল্টা অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:০০ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তার কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে, যা পরে সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রদলের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী পিডির কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা কক্ষে অবরুদ্ধ থাকেন।

অবরুদ্ধ অবস্থায় পিডি মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।

তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” তিনি দাবি করেন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সমঝোতায় পৌঁছালে পিডির কক্ষের তালা খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, “এখানে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। অভিযোগকারীরা  যদি অভিযোগ লিখিত আকারে দেয়, তবে বিষয়টি বিশ্লেষণের জন্য একটি তদন্ত কমিটি গঠনে উপাচার্যের কাছে সুপারিশ করা হবে।”

Link copied!