রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, জবির সেই ছাত্রী সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:৫২ পিএম

সাময়িক বহিষ্কার সাদিয়া সুলতানা ও জকসু নেতা জর্জিস আনোয়ার নাইম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)- এর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত সাদিয়া সুলতানা নেলীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নেলী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, খেলার ফলাফল নিয়ে বিরোধের জেরে ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নেলী। একপর্যায়ে উত্তেজিত হয়ে সবার সামনে তাকে থাপ্পড় মারেন তিনি।

ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে প্রশাসন ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় নেলীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, “পূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এ ধরনের আচরণকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। আপাতত তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ক্রীড়া কমিটির আহ্বায়কও দায় এড়াতে পারেন না, তাই তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!