আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:০২ এএম
রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মূল ফটকের সামনে জলাবদ্ধতা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রধান ফটকের সামনে টানা বৃষ্টিতে আবারও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
সাম্প্রতিক টানা বৃষ্টিপাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পানি জমে বড় আকারের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রবেশপথ কার্যত অচল হয়ে পড়ে, ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
জমে থাকা পানির কারণে শুধু পায়ে হেঁটে চলাচলই নয়, যানবাহন চলাচলও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পানির নিচে রাস্তার অবস্থা বোঝা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
চিত্রে দেখা যায়, মূল ফটকের সামনে পুরো সড়কজুড়ে পানি জমে রয়েছে, যেখানে যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাতে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, কারণ পানির নিচে রাস্তার অবস্থা বোঝা কঠিন হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, এটি নতুন কোনো সমস্যা নয়। বর্ষা মৌসুম এলেই একই পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় বলে অভিযোগ তাদের।
বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করা একাধিক শিক্ষার্থী বলেন, “প্রতিদিনই আমাদের এই পানি পার হয়ে ক্লাসে যেতে হয়। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকছে।”
শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমজুড়ে এই দুর্ভোগ আরও বাড়বে।