রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, তরুণদের অগ্রগতির বার্তা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:২৩ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সারা দেশের ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে তিনি তরুণদের জন্য কাজ করছেন এবং তাদের সম্ভাবনাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২ মে) ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সিলেট থেকে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ শুধু ক্রীড়া চর্চার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মকে দক্ষ ও সক্ষম হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ক্রীড়াকে পেশায় রূপান্তরের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার বাস্তবায়ন আজ থেকেই শুরু হলো,”—যোগ করেন তিনি।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে জেলা পর্যায়ে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন বাবলু, জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিশু-কিশোর ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং ক্রীড়াকে অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় খাতে রূপ দিতে সহায়ক হবে।

Link copied!