রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

সাকিব প্রসঙ্গে তামিম: মাশরাফি ও নাঈমুরের কথাও তুললেন বিসিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

তামিম ইকবাল। ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান হিসেবে প্রথমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন তামিম ইকবাল। এ সময় সাকিব আল হাসান-এর দেশে ফেরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান-এর বিষয়ও সামনে আনেন।

মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, “আমাদের তিনজন সাবেক অধিনায়ক একই অবস্থায় আছেন। কাজেই আমি শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক মনে করছি না। বিসিবি তাদের ক্রিকেটীয় জায়গা থেকে যেকোনো সহায়তা করতে সব সময় প্রস্তুত।” তিনি আরও জানান, আইনগত বিষয়গুলো সমাধান সাপেক্ষে সংশ্লিষ্টদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বোর্ড।

সংবাদ সম্মেলনে বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তামিম। এর মধ্যে অন্যতম হলো জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দ্বিতীয় একাদশ চালু করা। তিনি জানান, প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি প্রতিটি বিভাগীয় দলের দ্বিতীয় একাদশ তিন দিনের টুর্নামেন্টে অংশ নেবে, যা নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করবে।

তামিম বলেন, দেশের ক্রিকেটে সীমিতসংখ্যক খেলোয়াড়ই অধিকাংশ টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন। ফলে নিচের স্তরের ক্রিকেটারদের এগিয়ে আসার সুযোগ কমে যাচ্ছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে আরও ১০০ থেকে ২০০ ক্রিকেটার প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া জাতীয় ক্রিকেট লিগে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি পুনরায় চালু করার পরিকল্পনার কথাও জানান বিসিবি প্রধান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে দর্শকদের সুবিধার্থে ক্যানোপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচন নিয়েও কথা বলেন তামিম। তিনি জানান, আগামী ৩ মে বোর্ড সভায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তামিম আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন কমিটির নেওয়া উদ্যোগগুলো ভবিষ্যৎ নির্বাচিত বোর্ডের মাধ্যমে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে।

Link copied!