বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

প্রতিটি বল দেশের জন্য খেলেছিলাম: সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম

 

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সম্প্রতি দেশের বাইরে একটি জনপ্রিয় পডকাস্টে নিজের ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সেখানে বিশেষভাবে উঠে আসে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি, মানসিক দৃঢ়তা ও নিজের আত্মবিশ্বাসের গল্প।

 

সেই অনুষ্ঠানে সাকিব জানান, বিশ্বকাপের আগের সময়টা তার জন্য ছিল নিজের সঙ্গে যুদ্ধ করার মতো। আইপিএলে টানা একটি মৌসুম খেলার পর তিনি বুঝতে পারেন, সামনে আসছে বিশ্বকাপ—এবং সেটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। নিজের প্রস্তুতি নিয়ে তখন তিনি সন্তুষ্ট ছিলেন না। তাই হোটেল কক্ষে বসে নিজেকে প্রশ্ন করেছিলেন—তিনি কি নিজের সর্বোচ্চটা দিচ্ছেন? সেখান থেকেই শুরু হয় কঠোর অনুশীলনের অধ্যায়।

 

সাকিব বলেন, প্রায় দুই মাস একটানা কঠিন প্রশিক্ষণের পর তার শরীরের ওজন কমে যায়, যা কোচ টম মুডির চোখেও পড়ে। কোচ যখন কারণ জানতে চান, তখন তিনি শুধু বলেন—বিশ্বকাপেই এর উত্তর মিলবে। আত্মবিশ্বাসের সেই প্রস্তুতির ফল তিনি দেখান আয়ারল্যান্ড সফরে, যেখানে টানা তিনটি ফিফটি করেন।

 

২০১৯ বিশ্বকাপের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ রান করেন সাকিব। তবে তার আত্মবিশ্বাসের বড় পরীক্ষা আসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে, যখন প্রথমবার ১৫০ কিলোমিটারের বেশি গতির বোলার জোফরা আর্চারের মোকাবিলা করতে হয়। সৌম্য সরকারের উইকেট পড়ার পর সাকিব নামেন ব্যাট করতে। আর্চারের শর্ট বলের বিপক্ষে হুক-পুল করে ছক্কা হাঁকানোর পর তার ভেতরের ভয় পুরোপুরি কেটে যায়। তখনই তিনি বুঝে ফেলেন—বিশ্বকাপ তার জন্য বিশেষ কিছু নিয়ে আসছে।

 

সেঞ্চুরি করার পরও খুব একটা উদযাপন না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, বিশ্বকাপের আগে তিনি নিজেই নিজের জন্য একটি নোট লিখেছিলেন—তিনি প্রতিটি বল খেলবেন দেশের জন্য, নিজের ব্যক্তিগত অর্জনের জন্য নয়। দলের স্বার্থই ছিল তার একমাত্র লক্ষ্য।

 

Link copied!