সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

ইবির বৈষম্যবিরোধী নেতার মাদক সদৃশ দ্রব্য সেবনের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

ভাইরাল হওয়া ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার মাদক সেবনের অভিযোগসংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্ত নেতা ছবিটিকে ‘অভিনয়’ বলে দাবি করেছেন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন মুখে সিগারেটসদৃশ বস্তু, হাতে লাইটার ও একটি কাগজ ধরে আছেন। অনেকেই এটিকে মাদক সেবনের দৃশ্য বলে অভিযোগ তুলেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ছবিতে থাকা বস্তুটি ইয়াবা বা ট্যাপেন্ডাল জাতীয় হতে পারে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্যাম্পাসে মাদক সরবরাহের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত মুবাশ্বির আমিন বলেন, ছবিটি ২০২৩ সালের শেষের দিকে তোলা, যখন তিনি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দাবি করেন, এটি কোনো মাদক সেবনের দৃশ্য নয় বরং ‘র‍্যাগিং কালচার’-এর অংশ হিসেবে অভিনয় করা হয়েছিল।

তিনি বলেন, “এটা ইয়াবা বা এই জাতীয় কোন দ্রব্য না, এটা ছিলো অভিনয়। অভিনয়ের সেই ছবিকে ব্যবহার করেই মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর মাধ্যমে একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আগেও আমাকে এসব ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে, আমি এতদিন সময় পাইনি, সামনে প্রক্টর বরাবর অভিযোগ দিব। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট; আমি কখনো এসবের সাথে জড়িত ছিলাম না।”

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইটের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে মাদক বা নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল রয়েছে। তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!