সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

উত্তর বাড্ডায় ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শিক্ষকসহ দুজন হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

মুনিরা মাহজাবিন মিমো

রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিভাগের এক শিক্ষকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিভাগ সূত্রে জানা যায়, মিমোর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি সুইসাইড নোট উদ্ধারের তথ্য পাওয়া গেছে, যেখানে বিভাগের একজন শিক্ষক ও এক সহপাঠীর নাম উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক জানান, সকালে ঘটনাটি জানতে পারেন তারা। তিনি বলেন, “আমি সকাল ৮ টায় খবর পেয়েছি। আমরা শুনতে পেয়েছি, একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল — সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক। আরেকজন সহপাঠীর নামও ছিল সেখানে। তোমরা দুইজন ভালো থেক।”

ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও মিমোর এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”

এদিকে, মিমোর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

Link copied!