সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা অংশ নেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা অংশ নেন। কর্মসূচি থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে এশিয়া পোস্টের প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নাঈম আশরাফ, কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক বাংলার প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক সকালবেলার প্রতিনিধি ইসতিয়াক আহমেদ আসিফ এবং বণিকবার্তা ও শেয়ারবিজের প্রতিনিধি আব্দুল্লাহ আর রাফি।

এসময় গোবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. নাঈম আশরাফ খাঁন বলেন, “গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ডুজার সদস্যদের উপর ছাত্রদল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে আমরা একত্রিত হয়েছি। সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য তুলে ধরে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। অথচ সেই সত্য প্রকাশের পথেই যদি তাদের ওপর হামলা চালানো হয়, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়—এটি পুরো গণতন্ত্রের ওপর আঘাত। এই হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে ভবিষ্যতে যেন সাংবাদিকরা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যবস্থা নিতে হবে।”

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি রাসেল হোসেন বলেন, “গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক সহকর্মী ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করলো। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ ঘটনায় তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!